ভ্যান কেনার জন্য ৩০ হাজার টাকায় ২২ দিন বয়সী ছেলেকে বিক্রি করে দেন রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের হোসেন আলী। বিষয়টি প্রকাশ্যে আসলে জেলা প্রশাসনের সহায়তায় শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার রাতে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের দেওয়া ৩০ হাজার টাকাসহ শিশুটিকে মায়ের কোলে তুলে দেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার ও শিশু খাদ্য দেওয়া হয়।
এলাকাবাসী ও পরিবার জানায়, হোসেন আলী ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। করোনার কারণে উপার্জন কমে যাওয়ায় গ্রামে ফিরে আসেন। পরে অন্যের ব্যাটারিচালিত অটোভ্যান ভাড়ায় চালিয়ে সংসার চালাতেন। এতে আয়ের বেশির ভাগ টাকা অটোভ্যানের মালিককে দিতেই শেষ হয়ে যেত। তাই নিজে একটি ভ্যান কেনার স্বপ্ন দেখেন। এরই মধ্যে তার একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে সেই সন্তানকে দিনাজপুরের ঘোড়াঘাটের নিঃসন্তান এক দম্পতির কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করেন।
বিষয়টি এলাকায় প্রকাশ হলে শত শত উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করতে থাকেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন ও ওসি আজিজুল ইসলাম হোসেন আলীর বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে অবগত করেন।
পরে মঙ্গলবার রাতে জেলা প্রশাসক আসিব আহসানের দেওয়া ৩০ হাজার টাকাসহ শিশুটিকে মায়ের কোলে তুলে দেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন।