‘সুন্নতি’, ‘আর্মি কাটিং’ ছাড়া চুল কাটলে আইনি ব্যবস্থা নেয়ার নোটিশ চেয়ারম্যানের

‘সুন্নতি কাটিং’, ‘আর্মি কাটিং’ ছাড়া অন্য কোনো স্টাইলে চুল কাটলে সেলুন মালিক ও কারিগরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নোটিশ দিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার।

নোটিশটি ইউনিয়নের সর্বত্র লাগিয়ে দিয়েছেন তিনি। প্রতিবাদ করায় এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে  বিজ্ঞপ্তিগুলো খুলে ফেলা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয়রা জানান, সোমবার এ বিজ্ঞপ্তি জারি করেন ইউপি চেয়ারম্যান। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। গুঞ্জন চলছে সচেতন মহলে। গত ইউপি নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন নাজিম উদ্দিন। স্থানীয়রা বলছেন, বাংলাদেশ সংবিধানের ৩১ ও ৩২ ধারা লঙ্ঘন করে মানুষের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার ক্ষুণ্ন করে এমন নোটিশ জারি করা হয়েছে।

এ বিষয়ে দেশ রূপান্তরের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে নোটিশের বিষয়টি স্বীকার করেন। যদিও কেন এমন নোটিশ দিয়েছেন তার কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি। 

তার ছেলের বিরুদ্ধে এক কিশোরকে মারধরের ঘটনা স্বীকার করে চেয়ারম্যান নাজিম উদ্দিন স্থানীয় সাংবাদিকদের বলেন, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে তাদের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হয়। পরে আমি মিটমাট করে দিয়েছি। 

উপজেলা নির্বাহী অফিসার নোমান রাহুল জানান, ইউপি চেয়ারম্যান এ রকম নোটিশ জারি করতে পারে না। কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার তার নেই।  তবে ইতিমধ্যেই তাকে নির্দেশ দেওয়া হয়েছে। লাগানো বিজ্ঞপ্তি খুলে ফেলা হচ্ছে।