টি-টোয়েন্টি বিশ্বকাপে মোটেও প্রত্যাশা পূরণ করতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। তার ওপর মাঠের বাইরে নানা মন্তব্যে বিতর্কে জড়াচ্ছেন অনেকে। এ অবস্থায় দলের সবাইকে ক্রিকেটে মন দেওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।
আবুধাবিতে বুধবার বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেন দুর্জয়সহ বিসিবির বেশ কজন বড় কর্তা। এক ফাঁকে বাংলাদেশি সাংবাদিকদের সাক্ষাৎকার দেন দুর্জয়।
এ সময় দেশের ক্রিকেটের প্রথম টেস্ট অধিনায়ক বলেন, ‘মাঠের বাইরের বিষয়ে খেলোয়াড়রা বেশি সম্পৃক্ত হয়ে গেছে, এখন তা থেকে সরে গিয়ে ভালো করা উচিত।’
বাছাই পর্বে গ্রুপের দ্বিতীয় হয়ে বাংলাদেশ বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলছে। যেখানে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। এরপর ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তবে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হার। সব মিলে সাধারণ ক্রিকেট ভক্তরা মোটেও খুশি হতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা হচ্ছে। বিসিবি সভাপতিও সমালোচনা করছেন দলের। ক্রিকেটাররা আবার এসব অনেক কিছুর জবাবও দিচ্ছেন।
পাপুয়া নিউগিনিকে হারানোর পর সংবাদ সম্মেলনে যেমন আবেগী বক্তব্য দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কা ম্যাচের পর মুশফিকুর রহিম বলেন, ‘সমালোচকেরা যেন আয়নায় তাদের মুখটা দেখেন। কারণ দেশের হয়ে তারা খেলেন না, আমরা ক্রিকেটাররাই খেলি।’
ক্রিকেটারদের এমন সব প্রতিক্রিয়া নিয়ে দুর্জয় বলেন, ‘মাঠের বাইরের ব্যাপারগুলো নিয়ে চিন্তা না করে ক্রিকেটারদের উচিত মাঠে যা হচ্ছে তা নিয়ে ভাবা। সামাজিক যোগাযোগ মাধ্যম তো গণমাধ্যম না। এটা সাধারণ একটা প্ল্যাটফর্ম। এখানে যে যেমন পারে তেমন বলছে। এটা নিয়ে ক্রিকেটারদের মাথা না ঘামিয়ে খেলায় মনোযোগ দেওয়া উচিত।’