বাবার অটোরিকশার নিচে প্রাণ গেল শিশুর

গাজীপুরের শ্রীপুরে বাবার ব্যাটারি চালিত অটোরিকশায় চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে বরমী ইউনিয়নের কাশিজুলি গ্রামে নিজ বাড়ির পাশে অটোরিকশা ধোয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

শিশুর নাম এনায়েতউল্লাহ। শিশুটির বয়স এক বছর দুই মাস। তার বাবার নাম নাসির উদ্দীন। তিনি পেশায় অটো চালক।

নিহত শিশুর স্বজনরা জানায়, দুপুরে প্রতিদিনের মতো বাড়িতে অটো নিয়ে চলে আসেন নাসির। পরে দুপুরের খাবার শেষে অটোরিকশাটি ধুতে নেয় বাড়ির পাশের ক্ষেতে। এ সময় শিশু এনায়েতউল্লাহসহ বেশ কয়েটি শিশু অটোরিকশার ওপর বসে খেলা করছিল। সবার চোখ ফাঁকি দিয়ে শিশু এনায়েত অটোরিকশার চাকার কাছে নেমে পড়ে।

তারা আরও জানায়, এ সময় কোনো এক শিশু আচমকা অটোরিকশা চালু করে দিলে চাকার নিচে পড়ে যায় শিশু এনায়েতউল্লাহ। এ সময় গুরুতর আহত হয় শিশুটি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরমী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন জানান, অসাবধানতা বশত বাবার অটোরিকশার নিচে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাস বলেন, গুরুতর আহত অবস্থায় একটি শিশু হাসপাতালে নিয়ে আসে। কিন্তু শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। পরে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ জানান, এমন কোনো ঘটনা আমাদের জানা নাই। কেউ আমাদের এমন ঘটনার খবর দেয়নি। খোঁজ নেয়া হবে।