প্রযোজনায় তারেকের সফলতা

দেশের বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম আলোচিত নাম আদনান আল রাজীব ও তার প্রোডাকশন হাউজ রানআউট ফিল্মস। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের নেপথ্যের কারিগর হিসেবে উল্লেখযোগ্য কাজ করে আসছেন প্রযোজক হাবিবুর রাহমান তারেক। প্রযোজক সংকটের এই সময়ে নিয়মিতই বিজ্ঞাপন, নাটক ও ওয়েব সিরিজ প্রযোজনা করছেন রানআউট ফিল্মসের ব্যানারে। এরইমধ্যে ৩ শতাধিক বিজ্ঞাপন প্রযোজনার পাশাপাশি ‘ইউটিউমার’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’সহ বেশকিছু ওয়েব কনটেন্ট ও নাটক প্রযোজনা করেছেন। বর্তমানে কয়েকটি ওয়েব সিরিজের কাজও হাত দিয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ বেশকিছু পুরস্কারও অর্জন করেছেন তারেক। তিনি বলেন, ‘রানআউট ফিল্মসের যাত্রার শুরুটা খুব একটা আরামদায়ক ছিল না। তবে আমি বিশ্বাস করতাম, নীতি-আদর্শ ঠিক রেখে আত্মবিশ্বাসের সঙ্গে পরিশ্রম করলে যেকোনো কাজে সফলতা আসে। তাই কখনো কোনো কাজকে আমি ছোট করে দেখতাম না। তারই ধারাবাহিকতায় আজ আমাদের এই সফলতা।’ তারেক আরও বলেন, ‘আমি মনে করি ইন্ডাস্ট্রিতে দক্ষ প্রডিউসার খুব দরকার। দেশের তরুণ-তরুণীদের এই পেশায় উৎসাহিত করা উচিত। কারণ একটি বিজ্ঞাপন বা ফিকশন নির্মাণের জন্য একজন পরিচালকের পাশাপাশি একজন প্রডিউসার মুখ্য ভূমিকা পালন করেন।’