ভারতের বিপক্ষে জয়ের পর জোরে চেঁচিয়ে গলা ব্যথা হাফিজের!

টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে এটিই পাকিস্তানের প্রথম জয়।

সেই ম্যাচে জয়ের পর এতটাই আনন্দ করেছেন যে, মোহাম্মদ হাফিজের এখনো গলা ব্যথা সারেনি। পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটার নিজেই এমনটা জানিয়েছেন।

মঙ্গলবার নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চলতি আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। সেই ম্যাচের আগে মোহাম্মদ হাফিজকে জিজ্ঞেস করা হয় ভারত ম্যাচ নিয়ে।

এ সময় ৪১ বছর বয়সী হাফিজ বলেন, ‘এটা অত্যন্ত ইমোশনাল একটা জয় ছিল। ফলে আমরা খুব উৎসব করেছি। গলাতে এখনো ব্যথা আছে।’

যোগ করেন, ‘যে কোনো জয় আত্মবিশ্বাস দেয়। আর তা যদি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হয়, তাহলে তার গুরুত্ব আলাদা। আমরা প্রত্যেকে এই জয়ের ধারা বজায় রাখতে মুখিয়ে আছি।’

চলতি আসরের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে বিশ্বকাপে মোট ১২বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। যার প্রতিটিতে জিতেছিল ভারত। তবে এবার বাবর আজমের নেতৃত্বাধীন দল সেই গল্প বদলে দিয়েছে।