টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের সঙ্গে হারের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে কোনো ইতিবাচক আলোচনা শোনা যাচ্ছে না। বাংলাদেশ দল প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছে না। টাইগারদের বাজে পারফরম্যান্সে বইছে সমালোচনার ঝড়। ভক্ত-সমর্থকদের ব্যঙ্গাত্মক মন্তব্যের বানে বিদ্ধ হচ্ছেন মাহমুদুল্লাহ-সাকিবরা। দলের বেহাল দশায় সিনিয়র ক্রিকেটারদের দোষ দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সবমিলিয়ে অশান্তিকর পরিবেশ বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে। এমতাবস্থায় যেন আগুনে ঘি ঢাললেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশির।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর ২০২১) বিতর্ক উস্কে দেওয়ার মতো এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে সাকিবপত্নী লিখেছেন, ‘আমরা কি ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি? আমি ভাবছি কিভাবে আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে জিততে পারিনি; যখন আমাদের গতিতারকারা এবং তথাকথিত সেরা ওপেনিং জুটি ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে কৌতূহলী মন জানতে চায়! যদি আমরা সেই ভুলগুলোর কিছু নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টক শো করতাম, তাহলে আজ আমাদের ব্যর্থ হতে হতো না!’
সাকিবপত্মী এই ফেসবুক স্ট্যাটাসে সমালোচকদের একহাত নিতে গিয়ে কাকে আসলে আলাদা করে খোঁচা দিলেন বোঝা মুশকিল! তবে ‘গতিতারকা’ আর ‘তথাকথিত সেরা ওপেনিং জুটি’ শব্দগুলো নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
আর সবচেয়ে বড় কথা শিশির সচরাচর ক্রিকেট নিয়ে কথা বলেন না। এবার এভাবে দুই বছর পূর্বের স্কোয়াড নিয়ে কেন কথা বলতে গেলেন- সেটাও আলোচনার কেন্দ্র। অনেকেই প্রশ্নই রেখেছেন আসলেই কি শিশির ওটা লিখেছেন?
২০১৯ সালে ওপেনার ছিলেন তামিম ও সৌম্য। আর বল হাতেও সফল ছিলেন না মাশরাফি। এমনকি, এখন তামিম মাশরাফি টক শো করছে- সেটাও ইঙ্গিতে এলো কি না ক্রিকেট প্রেমীরা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল তুলেছেন।
জিসান রেহমান নামের একজন শিশিরের পোস্টটিতে মন্তব্য করেন, ‘সাকিব ভাই নিজের আইডি থেকে পোস্ট করুন।’ নোমান চিশতি নামের একজন লিখেছেন, ‘এতো ভালো আলোচনা আপনার জানার কথা না। নিশ্চয়ই এই লেখায় সাকিবের হাত আছে।’
এটা স্পষ্ট যে, স্ট্যাটাসটি মাধ্যমে শিশির আসলে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এবং ওপেনার তামিম ইকবালকেই ইঙ্গিত করেছেন।
২০১৯ বিশ্বকাপের গোটা আসরে বাংলাদেশের গতিতারকা মাশরাফি ৩৬১ রান দিয়ে উইকেট নিয়েছিলেন মাত্র ১টি। অপরদিকে সেবার সাকিবের শিকার ১১ উইকেট।
দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৮ ইনিংস খেলে রান করেছিলেন ২৩৫। যেখানে সাকিবের রান ছিল ৬০৬।
চলতি আসরেও দারুণ ছন্দে সাকিব। ৫ ম্যাচে ৯৫ রান দিয়ে সাকিবের শিকার ১১ উইকেট। ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন তিনি। ৫ ম্যাচে সংগ্রহ করেছেন ১২২ রান। দারুণ ছন্দে থাকায় আবারও টি-টোয়েন্টিতে শীর্ষস্থানীয় অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন। আর শীর্ষস্থান পুনোরুদ্ধারের পরেই সাকিবপত্মীর এমন উত্তাপ ছড়ানো স্ট্যাটাস।
ওদিকে মাশরাফি বিন মোর্ত্তজার ভাই মুরসালিন বিন মোর্ত্তজা শিশিরের ওই স্ট্যাটাসের প্রায় এক ঘন্টা পর একটি স্ট্যাটাস দিয়েছেন। মোর্ত্তজা লিখেছেন, ‘আমি একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাকে জানতে হবে যে, সেই বিষয় নিয়ে কথা বলার মত জ্ঞান আমার আছে কি না। হাত ঠেলার অভ্যাস সবারই থাকে কিন্তু, নিজের জ্ঞানের পরিসীমা বুঝে কথা বলার অভ্যাস সবার থাকে না’।
মুরসালিন বিন মোর্ত্তজার এই স্ট্যাটাস নিয়েও ফেসবুকে আলোচনা চলছে। অনেকেরই ধারণা শিশিরকে কটাক্ষ করেই এই স্ট্যাটাস দিয়েছেন মুরসালিন।