খাগড়াছড়িতে নিজ দোকানে গলায় ফাঁস দিয়ে রাসেল কান্তি পাল (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পানখাইয়া পাড়ায় নিজের সাইকেল গ্যারেজে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বাড়ি খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি ইউনিয়নের এপিবিএন এলাকায়।
নিহতের বড় ভাই নিখিল কান্তি পাল জানান, ‘সকালে ঘুম থেকে উঠে একসঙ্গে খাওয়া শেষে বাড়ি থেকে বের হয়ে আমি কাজে চলে যাই। সে দোকানে গেছে। এরপর কি জন্য সে এমন করল বুঝতে পারছি না।’
জানা গেছে, রাসেল সকালে দোকানে এসে একটা দরজা খুলে ভেতরে ঢোকেন, এরপর আর কিছু দেখা যায়নি। কিছুক্ষণ পর দেখা গেছে তিনি গলায় গামছা দিয়ে দোকানের সিলিংয়ের কাঠের সঙ্গে ফাঁস দিয়েছেন।
এরপর পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ রশীদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পুলিশ কাজ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।