দুরন্ত পাকিস্তানের সামনে আফগানরা

দারুণভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারানোর পর নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে। আজ দুবাইতে তারা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এমনিতে দুই দলের ক্রিকেট ঐতিহ্যের তুলনা চলে না। কিন্তু আফগান দলে এমন কিছু ক্রিকেট প্রতিভা আছে যারা যেকোনো দলের বিপক্ষে ম্যাচের রং বদলে দিতে পারে। ক্ষুরধার বোলিং আক্রমণ নিয়ে বিশ্বকাপের প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে ইতিমধ্যে ত্রাস সঞ্চার করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে শাহিন শাহ আফ্রিদি নিজের জাত চিনিয়েছেন। মূলত তার গতি আর সুইংয়ের সামনে খাবি খেয়েছে রোহিত শর্মারা। পরের ম্যাচে হারিস রউফের গতি গুঁড়িয়ে দেয় নিউজিল্যান্ডকে। অন্যদিকে আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯০ করেন আফগানরা। পরে মাত্র ৬০ রানে স্কটল্যান্ডকে অলআউট করে দেন রশিদ খানরা। যিনি ৪ উইকেট নিয়েছিলেন। মুজিব উর রহমান নেন ৫ উইকেট। আজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। ধারণা করা যায় বিশ্বমানের এ দুই স্পিনার আজ বাবর আজমদের পরীক্ষা নেবে। উল্টোদিকে জাজাই-জাদরানদের পরীক্ষা নেবেন শাহিন শাহরা। পাকিস্তানের জন্য আরও সুবিধার কারণ সংযুক্ত আরব আমিরাতের উইকেটকে হাতের তালুর মতো চেনেন তারা। গত কয়েক বছর ধরে সেখানেই খেলেছেন। আমিরাতে এখনো পর্যন্ত ৩৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে পাকিস্তান। তার মধ্যে ২৫টি দুবাইয়ে। মরুর উইকেটে পরিস্থিতিকে কীভাবে কাজে লাগাতে হয় প্রথম দুই ম্যাচে তা দেখিয়ে দিয়েছে পাকিস্তান। সব মিলিয়ে এই পাকিস্তানকে থামানো আফগানিস্তানের পক্ষে প্রায় অসম্ভব। যদি সম্ভব হয় সেটা হবে এই বিশ্বকাপের সেরা অঘটন।