বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে।
রিয়াদে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের সম্মেলন চলাকালে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আলফালিহ ও সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিজ নিজ সরকারের পক্ষে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বিভিন্ন মিডিয়ার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে।
বাংলাদেশে বিনিয়োগ বান্ধব উপযুক্ত পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
সালমান এফ রহমান বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মডেলসমূহ বর্ণনা করে বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী চিন্তাধারায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধিত হয়েছে। বাংলাদেশ আজ বিদেশি বিনিয়োগের একটি আদর্শ স্থান বলে বিবেচিত হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোন সৌদি কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে।
গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আলফালিহের সাথে বৈঠককালে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে অনুরোধ জানান। এ সময় সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।