সচিব হলেন৬ অতিরিক্ত সচিব

ছয় অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই দিনে তিন সচিবকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান অমিতাভ সরকার। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহনাজ আরেফিন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসান। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে বদলি হয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. আফজাল হোসেন।