ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক নিকোলাস পুরান জানেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই তাদের।
সুপার টুয়েলভের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে ক্যারিবীয়রা। একই ভাগ্য বরণ করেছে টাইগাররাও। দুই দল শুক্রবার বিকেলে মুখোমুখি হবে শারজায়। ফিকে হয়ে যাওয়া শেষ চারে যাওয়ার স্বপ্নকে জিইয়ে রাখতে হলে দুই দলের জন্য জয়ে ফেরাটা জরুরি।
বিশ্বকাপ অভিযানে ব্যাক-টু-ব্যাক হার কপালে জুটেছে উইন্ডিজের। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয় চ্যাম্পিয়নরা। সেই ম্যাচটি ৬ উইকেট হারে ক্যারিবীয় দল। দ্বিতীয় ম্যাচে উইন্ডিজ ৮ উইকেটে হারে দক্ষিণ আফ্রিকার কাছে।
যার কারণে টাইগারদের বিপক্ষে ম্যাচটি ‘ডু অর ডাই’ বা ‘বাঁচা-মরার’ হয়ে দাঁড়িয়েছে ক্যারিবীয়দের জন্য। উইন্ডিজ সহ-অধিনায়ক নিকোলাস পুরান বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘আপনি যেমনটা বলছেন, এটি আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমাদের বিশ্বাস, সফল হতে যা লাগে তা আমাদের আছে।
জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশও। সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচে হেরেছে মাহমুদউল্লাহর দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারে তারা। যার কারণে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে উইন্ডিজের বিপক্ষে জিততে হবে টাইগারদের।
পুরান মনে করেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার হারের বৃত্ত ভাঙতে চাইবে বাংলাদেশ। তার মতে, ‘দুই ম্যাচ হারের পর তাদের অবস্থাটা আমাদের মতন। ম্যাচটি চ্যালেঞ্জের হতে যাচ্ছে।’