মোশাররফ-মাহি-সজলকে নিয়ে ‘ড্রাইভার’

ইফতেখার চৌধুরী পরিচালিত ওয়েব ফিল্মে মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করতে চলেছেন টিভি দুনিয়ার শীর্ষ দুই অভিনেতা মোশাররফ করিম ও আবদুন নূর সজল। সঙ্গে আছেন আমান রেজা।

‘ড্রাইভার’ শিরোনামের ছবিটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন অনিরুদ্ধ দাশগুপ্ত। শুটিং শুরু হবে ২ নভেম্বর।

দেশ রূপান্তরকে এ সব তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা ইফতেখার চৌধুরী।

তিনি জানান, এরই মধ্যে তারকারা চুক্তিবদ্ধ হয়েছেন। এখানে মোশাররফ করিমকে ড্রাইভারের চরিত্রে দেখা যাবে ও মাহি হবেন যাত্রী। তবে বাকি চরিত্রগুলো রহস্য হিসেবে রাখতে চান আপাতত।

কুইট অব সেট প্রোডাকশনের ব্যানারে নির্মিত ওয়েব ফিল্মটি দেখা যাবে বায়স্কোপে।

সবকিছু ঠিকঠাক মতো এগোলে এবারই প্রথমবার সজল ও মোশাররফ করিমের সঙ্গে মাহিকে দেখা যাবে।

বছর পাঁচেক সজলের সঙ্গে ‘হারজিৎ’ নামের একটি ছবি শুরু করলেও প্রথম লটের পর থেমে যায়। এ ছাড়া মোশাররফ করিমের সঙ্গে ‘ফালতু’ শিরোনামের ছবির কথা শোনা গেলেও পরে তা হয়নি।

এর আগে ইফতেখারের পরিচালনায় ‘অগ্নি’ সিরিজের দুই ছবিতে অভিনয় করেছেন মাহি।