টিভি নাটকের জনপ্রিয় দুই তারকা মোশাররফ করিম ও ফারুক আহমেদকে অনেকদিন ধরেই একসঙ্গে দেখা যায়নি। পাঁচ বছর পর আবারও একসঙ্গে নাটকে অভিনয় করছেন তারা। ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নাটকে দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে তাদের। ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নির্মাণ করছেন সুজিত বিশ্বাস। নাটকটির গল্পে বড় ভাইয়ের চরিত্রে দেখা যাবে ফারুক আহমেদকে। তার চরিত্রটি উদ্ভট সব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, যা নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে প্রায়ই ঝগড়া বাধে। দুই ভাইয়ের এই সম্পর্ক ও নানা মজার পরিস্থিতিকে ঘিরেই এগিয়ে যাবে নাটকের গল্প।
দীর্ঘদিন পর মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফারুক আহমেদ। তার ভাষ্য, অনেকদিন পর দুজন মিলে পছন্দসই একটি কাজ পেয়েছেন। তাই বেশ আনন্দ নিয়েই নাটকটির শুটিং করেছেন তারা। এ সময় সহশিল্পী মোশাররফ করিমের অভিনয়গুণ ও শুটিংয়ের প্রতি তার মনোযোগেরও প্রশংসা করেন ফারুক আহমেদ। দীর্ঘদিনের এই দুই অভিনয়শিল্পীর একসঙ্গে ফেরাকে ঘিরে তাই নাটকটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
নির্মাতা সুজিত বিশ্বাস জানান, মোশাররফ করিম ও ফারুক আহমেদ ছাড়াও ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নাটকে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়নসহ আরও অনেকে। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই নাটকটি ইউটিউবে প্রকাশ করা হবে।
আবারও সেরা অভিনেতা মোশাররফ করিম
কাছের মানুষদের দুষলেন ফারুক আহমেদ