নোয়াখালীতে মন্দিরে হামলার ঘটনায় আরও ২ আসামির স্বীকারোক্তি

নোয়াখালীতে মন্দিরে হামলার ঘটনায় আরও দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুই আসামি হলেন- চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহিম (৪০) ও ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর টিঅ্যান্ডটি কলোনির মো. আরিফ (২১)।

শুক্রবার জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য জানান। বৃহস্পতিবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।

পুলিশ সুপার জানান, দুই আসামির মধ্যে আব্দুর রহিম তার জবানবন্দিতে গত ১৫ অক্টোবর চৌমুহনীতে ইসকন মন্দিরসহ অন্যান্য মন্দির ভাঙচুর এবং প্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করে। পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে প্রান্ত দাসের লাশ পাওয়া যায় বলে জবানবন্দিতে উল্লেখ করে সে। এ ঘটনায় জড়িত আরও ২৭ জনের নাম উল্লেখ করেন আব্দুর রহিম।

এ নিয়ে চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় বিভিন্ন সময় গ্রেপ্তার মোট ৭ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান এসপি।