করলা ক্ষেতে গৃহবধূর মরদেহ, স্বামী আটক

দিনাজপুরের খানসামা উপজেলার একটি করলার ক্ষেত থেকে অলোকা রায় (৪৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় স্বামী অনিল চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ।

উপজেলার গোয়ালদিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের খলিফাপাড়া থেকে শনিবার সকাল ১০টায় গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ও আটক স্বামী ওই ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কামাল হোসেন জানান, সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের তথ্যের ভিত্তিতে থানার পুলিশে একটি দল ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা-মা ও এলাকাবাসী জানিয়েছেন, নিহত গৃহবধূকে স্বামী অনিল চন্দ্র রায় দীর্ঘদিন ধরে প্রায় শারীরিক নির্যাতন করতো। তাদের ধারণা, স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে নিহত গৃহবধূর স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে খানসামা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।