ভাড়ার কথা বলে নির্জনস্থানে নিয়ে ইজিবাইক ছিনতাই করতো চক্রটি

সাতক্ষীরার শ্যামনগর থেকে র‌্যাবের অভিযানে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

মিডিয়া ব্রিফিংয়ে র‌্যাব জানায়, চার যুবক নিয়ম করে বকেয়া টাকা আদায়ে যাবে বলে ঘণ্টা চুক্তিতে ইজিবাইক ভাড়া নেয়। সেসব ইজিবাইক (ব্যাটারিচালিত থ্রি হুইলার) চালকরা চুক্তি মোতাবেক বের হলে ওই চার যুবক ড্রাইভারদের নিরিবিলি স্থানে নিয়ে চালককে আটকে পিটিয়ে তার ইজিবাইক কেড়ে নেয়। সঙ্গে টাকা-পয়সা যা থাকে তাও কেড়ে নেয়।

একই স্টাইলে শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগরের গোডাউন মোড় থেকে ভাড়া নিয়ে খন্তাকাটা এলাকায় নিয়ে গরীব ইজিবাইক চালক শাহিনুরের কাছে থাকা টাকা পয়সা ও ইজিবাইকটি কেড়ে নেয় রুবেল ঢালী (২০), কামরুজ্জামান মোল্লা (২৫), নয়ন ঢালী (২৭) ও আনিছুর রহমান (২৫)।

ছিনতাইকারীরা জানাজানি করলে বড় বিপদের হুমকিও দেয়। কিন্তু বিধি বাম শাহিনুরের কাছ থেকে সংবাদটি পেয়ে গোপনে অভিযানে নামে এবং চক্রের চারজনকেই সেই ইজিবাইক, ৫টি ইজিবাইকের ব্যাটারি, একটি মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে।

আটক পরবর্তীতে শনিবার দুপুরে র‌্যাব-৬ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর সাতক্ষীরা সদর দপ্তরে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য প্রকাশ করেন র‌্যাব-৬ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ সাতক্ষীরার অধিনায়ক মেজর এম. রিফাত বিন আসাদ।

মেজর আসাদ সাংবাদিকদের জানান, ছিনতাই চক্রের এই যুবকরা একই পন্থায় কয়েকটি ঘটনা এই এলাকায় ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আটক যুবকদের সাতক্ষীরা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।