কাউকে তার ধর্মের জন্য আক্রমণ করা খুবই দুঃখজনক: কোহলি

বিশ্বকাপ মঞ্চে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গত রবিরার দুবাইয়ে টিম ইন্ডিয়াকে ১০ উইকেটে হারায় বাবর আজম-শাহীন আফ্রিদিরা।

এই দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচের আগে ও পরের উত্তেজনার উত্তাপ এখনো কাটেনি। ম্যাচটিকে ঘিরে ঘটেছে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও।

তার মধ্যে ভারতের উগ্রবাদী সমর্থকদের হাতে বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হন ভারতের পেসার মোহাম্মদ শামি। পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে খরচে বোলার ছিলেন তিনি। ৩.৫ ওভার বল করে ৪৩ রান দিয়ে কোনো উইকেট পাননি ৩১ বছর বয়সী গতিতারকা।

যার কারণে ভারতের ১০ উইকেটে হারের সব দোষ এসে পড়ে শামির ঘাড়ে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিম ইন্ডিয়ার স্কোয়াডের ‘একমাত্র মুসলিম’ ক্রিকেটারকে বলির পাঁঠা বানায় উগ্রবাদী সমর্থকেরা।

কিছু নেটিজেন শামিকে উদ্দেশ্য করে লেখেন, ‘ভারত দলে পাকিস্তানি’। আরেকজনের মন্তব্য, ‘পাকিস্তানের পক্ষের এক মুসলিম। কত টাকা পেয়েছো?’

এমন নিন্দনীয় ঘটনায় ওই সময় অনেককে কাছে পেয়েছিলেন শামি। এবার তিনি সমর্থন পেলেন বিরাট কোহলির।

উগ্রবাদী সমর্থকদের একহাত নিলেন ভারতের অধিনায়ক। কাউকে তার ধর্মের জন্য আক্রমণ করা খুবই দুঃখজনক বলে জানান কোহলি।

রবিবার দুবাইতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগে শনিবার সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘আমার কাছে, কাউকে তার ধর্মের জন্য আক্রমণ করা খুবই দুঃখজনক। সবারই তাদের মতামত এবং নির্দিষ্ট পরিস্থিতিতে তারা কী অনুভব করে তা প্রকাশ করার অধিকার রয়েছে, তবে ব্যক্তিগতভাবে আমি কখনো তাদের ধর্ম নিয়ে বৈষম্যের কথা ভাবিনি।’

টিম ইন্ডিয়া অধিনায়ক আরও বলেন, ‘এটি (ধর্ম) খুবই পবিত্র এবং ব্যক্তিগত বিষয় প্রত্যেক মানুষের কাছে এবং তার ওখানেই রাখা উচিত।’