জামালপুরে মির্জা আজম

কুমিল্লার ঘটনায় লন্ডন থেকে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে

সব ধর্মের মানুষ রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, ‘দেশের মানুষ যখন ঘুমিয়ে ছিল তখন কুমিল্লার ঘটনায় লন্ডন থেকে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনৈতিক স্বার্থে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।’

গতকাল শনিবার দুপুরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জামালপুর পৌরসভা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন।

শহরের মির্জা আজম অডিটরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ প্রমুখ।