গত পরশু থেকে উৎসবের মেজাজে ‘মান্নত’। শাহরুখের বাড়িতে তো অবশ্যই, বাংলোর বাইরেও ছড়িয়ে পড়েছে সেই আমেজ। অসংখ্য অনুরাগী শাহরুখ খানের বাংলো মান্নতের বাইরে আরিয়ানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। তাদের উল্লাস, উচ্ছ্বাসের মধ্যে গতকাল বেলা ১১টা ২০ মিনিট নাগাদ বাবা-মায়ের কাছে পৌঁছান শাহরুখপুত্র। গত শুক্রবার জামিন পেলেও জামিনসংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় সেদিন আর্থার রোড জেল থেকে ছাড়া পাননি আরিয়ান। অবশেষে গতকাল সকাল ১০টা ৫৫ মিনিটে জেল থেকে মান্নতের উদ্দেশে রওনা দেন। জেলে তাকে আনতে গিয়েছিলেন শাহরুখের দেহরক্ষী রবি। ২৯ দিন ধরে দিনটির জন্য অপেক্ষা করছিলেন ভক্তরা। বাজনা বাজিয়ে, পটকা ফাটিয়ে, নেচেগেয়ে আরিয়ানকে স্বাগত জানান শাহরুখ অনুরাগীরা। উল্লাসে ফেটে পড়েছিলেন ভক্তরা। তারা উচ্চ স্বরে বলছিলেন, ‘উই লাভ শাহরুখ, উই লাভ আরিয়ান।’ মান্নতের বাইরে অপেক্ষায় ছিলেন সংবাদমাধ্যমগুলোর কর্মীরাও। প্রথমে খবর ছিল আরিয়ানকে স্বাগত জানাতে একটি পাঁচতারা হোটেলে আছেন শাহরুখ। কিন্তু পরে জানা যায়, মান্নতেই আছেন শাহরুখ-গৌরী। তাদের অনেক আত্মীয়স্বজন মান্নতে উপস্থিত ছিলেন। জানা গেছে, আরিয়ানের গলা জড়িয়ে আবেগে কেঁদে ফেলেছিলেন শাহরুখ-গৌরী।