অসুস্থ মাকে ভেন্টিলেটরে রেখে ভারত জয় করেন বাবর

মা ছিলেন ভেন্টিলেটরে! সেই কঠিন সময়কেই সাক্ষী রেখে ভারত জয় করেন বাবর আজম। এমন ঘটনা এবার প্রকাশ্যে আনলেন বাবরের বাবা আজম সিদ্দিকি।

গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতকে গুঁড়িয়ে দেয় পাকিস্তান। তুলে নেয় ১০ উইকেটের জয়। ১৫২ রান তাড়ায় বাবর ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। মোহাম্মদ রিজওয়ান খেলেন ৭৯ রানের অপরাজিত ইনিংস।

বাবরের বাবা জানাচ্ছেন সেই সময় বাবরের মা অস্ত্রোপচারের পর ভেন্টিলেটরে ছিলেন। শনিবার নিজের ইনস্টাগ্রামে চাঞ্চল্যকর এমন ঘটনা সামনে আনেন আজম সিদ্দিকি। বলেন, বাবর আজম বিশ্বকাপের তিন ম্যাচে খেলেছেন কঠিন সময়ে।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আজম সিদ্দিকি লিখেছেন, ‘গোটা দেশের কিছু সত্যি কথা জানা প্রয়োজন। তিনটি ম্যাচ টানা জয়ের জন্য দলকে অভিনন্দন। আমাদের বাড়িতেও বড়সড় পরীক্ষার মুখোমুখি হয়েছিলাম আমরা। ভারতের বিরুদ্ধে ম্যাচের দিনে বাবরের মা ভেন্টিলেটরে ছিলেন।’

তিনি আরো লেখেন, ‘বাবার তিন ম্যাচেই কঠিন সময়ে খেলেছে। এসব কথা জানাতে চাইনি। তবে বাবর যাতে দুর্বল না হয়ে পড়ে, সেই জন্যই জানাতে বাধ্য হলাম। ঈশ্বরের আশীর্বাদে বাবর ভালো রয়েছে। এই ঘটনা জানানোর উদ্দেশ্য কোনো কারণ ছাড়াই জাতীয় হিরোদের যাতে সমালোচনা না করা হয়।’

নিজের লম্বা ক্যাপশনের সঙ্গে পরিবারের জোড়া ছবিও জুড়ে দিয়েছেন বাবরের বাবা।

ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে টানা তিন ম্যাচ হারানোর পর পাকিস্তান কার্যত সেমিফাইনালে উঠে গেছে। যেভাবে এগোচ্ছে দলটি, তাতে শিরোপার অন্যতম দাবিদার পাকিস্তান, এ কথা বলাই যায়।