ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আদালতে তাদের হাজির করে সবাইকে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা গোপাল চন্দ্র দাস বলেন, শনিবার বিকেলে চারজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক এ কে এম জাহাঙ্গীর কবির বলেন, শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় গ্রেপ্তারদের আদালতে তোলা হয়নি। জেলা আইনজীবী সমিতির এক সদস্য মারা যাওয়ায় আজ রবিবার আদালত বন্ধ থাকতে পারে। যদি আজ আদালতের কার্যক্রম বন্ধ থাকে, তাহলে সোমবার তাদের আদালতে তোলা হতে পারে।
উল্লেখ্য, আদিয়ান মার্টের প্রতারণার শিকার হয়ে আতিকুর রহমান উজ্জ্বল নামে এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে।
মামলা দায়েরের পর শুক্রবার র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও খুলনা থেকে প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাহমুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেপ্তার করে।