কক্সবাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা, সড়ক অবরোধ

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর প্রতিবাদে সন্ধ্যায় সড়ক অবরোধ করেন তার সমর্থকরা।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে মামলাটি করা হয়। এর প্রতিবাদে কক্সবাজার শহরের প্রধান সড়কে মেয়র মুজিবুর রহমানের সমর্থকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। 

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তিনি সব আসামি বা বাদীর নাম প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন।

গুলিবিদ্ধ মুনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেন বলে জানা যায়।

বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারসহ দুজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুনাফ সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মুনাফ সিকদার (৩২) শহরের পেশকারপাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং শহর যুবলীগের সভাপতি প্রার্থী। আহত অপরজন হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. তারেক (২২)।