বিশ্বের সেরা ১০ ফেস্টিভ্যালের অন্যতম এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসব আমস্টারডামের ‘ইডফা’। নন-ফিকশন ছবির জগতের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রগুলা উপস্থাপন করার জন্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে দুনিয়াজোড়া খ্যাতি এই চলচ্চিত্র উৎসবের। তিন শতাধিক শক্তিশালী ও কাব্যিক ছবি দেখানো হয় ১২ দিনের এই উৎসবে। যেখানে টিকিট কেটে ছবি দেখতে আসেন আড়াই লক্ষাধিক দর্শক। ইডফার এবারের আসরে মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন (ডে আফটার...)’। আগামী ২০ নভেম্বর প্রাইম টাইম স্ক্রিনিংয়ে রাত ৯টায় পৃথিবীর সুন্দরতম সিনেমা হল ‘তুসানস্কি থিয়েটার’-এ বিশ্ব অভিষেক হবে ‘অন্যদিন’-এর। আয়োজকরা ১৯ তারিখেই আতিথেয়তা গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরিনকে। এ বছর আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ নন-ফিকশন ফিচার ছবির মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে ‘অন্যদিন’ ছাড়াও আছে ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা ও পর্তুগালসহ ২১ দেশের ১৪ ছবি। ২৫ নভেম্বর আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফল ঘোষণা করা হবে বিখ্যাত আই ফিল্ম মিউজিয়ামে। কামার আহমাদ সাইমনের জলত্রয়ীর (ওয়াটার ট্রিলজির) দ্বিতীয় ছবি ‘অন্যদিন’। জলত্রয়ীর প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম আলোচিত ছবি। কামার বলেন, ‘২০১৩ সালে শুরু করেছিলাম ‘অন্যদিন’। ২০১৭-তে ছবিটা সম্পাদনার টেবিলে রেখে চলে গিয়েছিলাম ‘শিকলবাহা’ ছবির শ্যুটিংয়ে। কভিডের কারণে ঘরবন্দি থাকায় আবার ছবিটায় হাত দিই। জুলাইতে সম্পাদনা শেষেই জমা দিই ‘ইডফায়’। প্রথম জমাতেই এত বড় ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ থিয়েটারে বিশ্ব অভিষেক হওয়া একটা ছবির জন্য আর কী চাই! নিজেদের ভাষা আর ভঙ্গি নিয়ে বাংলাদেশসহ গোটা এশিয়ায় যারা ছবি বানানোর চেষ্টা করছি তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ সময়।’