রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামি এম সাজিদ নামে এক ছাত্র র্যাগিংয়ের শিকার হয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি আছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র।
বিভাগের সিনিয়র ১৭ থেকে ১৮ জন তাকে বৃহস্পতিবার রাতভর র্যাগিং করেছে বলে তিনি তাদের ব্যাচের মেসেঞ্জার গ্রুপে জানিয়েছেন। র্যাগিংয়ে তাকে লাথি ঘুষি ও মারধর করা হয় বলেও জানিয়েছেন তিনি।
তার একাধিক বন্ধু জানিয়েছেন, সাজিদের প্রতি বিভাগের বড় ভাইয়েরা ঈর্ষাকাতর হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, নাট্যকলা বিভাগের আব্দুল্লাহ্ আল মাসুদ, তপু, রুবেল প্রমুখ।
আব্দুল্লাহ আল মাসুদ র্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, গতরাতে জোহা হলের ছাদে বিভাগের বড়ভাই ও প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের কয়েকজন ছিলেন। সাজিদকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।
নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুজ্জামান বলেন, ‘আমি যতটুকু শুনেছি বিভাগের বেশ কিছু সিনিয়র শিক্ষার্থী সাজিদকে রাতভর শারীরিক নির্যাতন করেছে। মানসিকভাবেও তাকে বেশ হ্যারেজ করা হয়েছে। তবে যারা করেছে তাদের সবার নাম আমাদের এখনো হাতে আসেনি। বিষয়টি পুরোপুরি জানার পর আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এ ঘটনার তদারকি করছেন। বিয়ষটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।