রুয়াপ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

বাংলাদেশের বিপন্ন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার লক্ষ্যে ‘রুয়াপ’ ক্যাম্পাসে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়।

‘রুয়াপ জাতীয়তাবাদী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (ঢাকা উত্তর)-এর সদস্য সচিব মোস্তফা জামান। 

মঙ্গলবার (২১শে জুলাই) বিকেল ৫টায় রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত রুয়াপ পার্কিং বিল্ডিং প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।

সংগঠনের সভাপতি ডাঃ শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, অবসরপ্রাপ্ত সাবেক ডেসকো প্রধান এস এম হাবিবুর রহমানসহ রুয়াপ জাতীয়তাবাদী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অন্যান্য নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো।

পরিবেশ সুরক্ষায় এমন সামাজিক ও যৌথ প্রয়াসকে সফল করতে সর্বস্তরের মানুষের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়। দলমত নির্বিশেষে পরিবেশ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার বার্তা দিয়ে সফলভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত