হল অব ফেমে পোলক-জয়াবর্ধনে

দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং অলরাউন্ডার শন পোলক, শ্রীলঙ্কার সাবেক ব্যাটার মাহেলা জয়াবর্ধনে এবং ইংল্যান্ড নারী দলের সাবেক ব্যাটার জ্যানেট ব্রিটিনকে হল অব ফেমে যোগ করেছে আইসিসি।

রবিবার দুবাইতে হতে যাওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে সাবেক এই তিন ক্রিকেট তারকাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবার বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড। 

নিজেদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের ৫ বছর পর আইসিসির হল অব ফেম স্বীকৃতির জন্য বিবেচিত হন ক্রিকেটাররা। এবারের তিন তারকা-সহ এই অনন্য স্বীকৃতি প্রাপ্তদের মোট সংখ্যা দিয়ে দাঁড়াল ১০৬।

এর মধ্যে, চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে জুনে ১০ জনকে হল অব ফেমের স্বীকৃতি দেওয়া হয়। তাদের একজন ছিলেন জয়বর্ধনের সতীর্থ ও শ্রীলঙ্কার আরেক কিংবদন্তি ক্রিকেটার সাঙ্গাকারা। এর আগে পেয়েছিলেন লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।