টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে জিতে নিয়েছে পুরো দেশের হৃদয়। তাদের মধ্যে উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান যেন সমর্থকদের হৃদয় মন্দিরে জায়গা নিয়েছেন।
বিশ্বকাপ থেকে বাদ পড়ার ৩২ ঘণ্টার পরে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে দুবাই থেকে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। শনিবার সকালে ঢাকায় পৌঁছায় তারা।
বাবর আজম ও শোয়েব মালিক দলের সঙ্গে না এলেও রিজওয়ানকে দেখা গেল বিমানবন্দরে। তার সঙ্গে এক সাদা বালিশ। যাকে পরম মমতায় জড়িয়ে আছেন রিজওয়ান।
এমন এক ছবি ও ভিডিও ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে আগ্রহের সঙ্গে জানতে চেয়েছেন, কেন তিনি সব জায়গায় বালিশ নিয়ে যান? বালিশের সঙ্গে তার সম্পর্ক কী?
পাকিস্তান ক্রিকেট বোর্ডের মতে, রিজওয়ান বালিশটি এনেছে তার বাড়ি থেকে এবং সে সব জায়গায় এটি নিয়ে যায়।
পিসিবি জানায়, রিজওয়ানের আরামদায়ক ঘুম দরকার হয়। তার জন্য এই ব্যবস্থা। এমনকি ঘরোয়া সফরেও সে বালিশটি সঙ্গে নিতে ভুলে না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিতে অসুস্থ অবস্থায় খেলতে নামেন রিজওয়ান ও মালিক। গুরুত্বপূর্ণ ম্যাচে ফিফটি করেন রিজওয়ান। অবাক করার বিষয়, ম্যাচটির আগের দুই রাত মারাত্মক ফুসফুস সংক্রমণ নিয়ে তিনি আইসিইউতে ছিলেন। তার হাসপাতালে থাকা সেই ছবিও ভাইরাল হয়ে যায় দ্রুত।