সাত ভেন্যুতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২২ সালে অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া। ১৬ অক্টোবর শুরু হয়ে ১৩ নভেম্বর শেষ হবে আসর। অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে হবে টুর্নামেন্টের ৪৫টি ম্যাচ।

দুটি সেমিফাইনালের ভেন্যু অ্যাডিলেড এবং সিডনি। মেলবোর্নে হবে ফাইনাল।

মূলত ২০২০ সালে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা দুই বছর পিছিয়ে যায়।

অস্ট্রেলিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ঘরের মাঠে খেলতে নামবে। গত রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সপ্তম আসরের শিরোপা জিতে নেয় অজিরা।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি ২০২২ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে খেলবে। এ ছাড়া বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলবে সুপার টুয়েলভে।

সাবেক দুই চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে বাছাই পর্ব খেলে আসতে হবে। সঙ্গে সদ্য শেষ হওয়া আসরের সুপার টুয়েলভে খেলা নামিবিয়া, স্কটল্যান্ড এবং দুটি কোয়ালিফাইং রাউন্ড পেরিয়ে আসা চারটি দল অংশ নেবে বাছাই পর্বে।

কোয়ালিফাইং রাউন্ড দুটির একটি ফেব্রুয়ারিতে ওমানে অনুষ্ঠিত হবে। অন্যটি জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে পরবর্তী গ্রীষ্মে।