পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৯:১৯ পিএম

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হতাশাজনক ফলের পর নতুন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশে পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক টি–টোয়েন্টি সিরিজ খেলতে আজ দুই ভাগে ভাগ হয়ে ঢাকায় পৌঁছায় অজিরা। 

বিকেলে প্রথম দফার ফ্লাইটে বাংলাদেশে এসেছেন অ্যালেক্স কেরি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভির সাঙ্গা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা। বাকিরা আসছে গভীর রাতে। 

সফরে তারা দুটি সাদা বলের সিরিজে অংশ নেবে। আগামী ৯ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ১১ ও ১৪ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ১৭, ১৯ ও ২১ জুন বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে ১-১ সমতা থাকলেও শেষ ম্যাচে ৪ উইকেটে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারায় জস ইংলিসের নেতৃত্বাধীন দল।

এই সফরে পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি অস্ট্রেলিয়া। বিশ্রাম ও পরিকল্পনার কারণে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসকে রাখা হয়নি স্কোয়াডে। নির্বাচকদের সিদ্ধান্তে নতুন মুখদেরও সুযোগ দেওয়া হয়েছে। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার লিয়াম স্কট এবং টি-টোয়েন্টি দলে বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিস। তরুণদের পারফরম্যান্স সিরিজজুড়ে নজর কাড়বে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত