রেললাইনে হাঁটছিলেন ছয় বন্ধু, ট্রেনে কেটে প্রাণ গেল ২ জনের

বিলে মাছ ধরার উদ্দেশ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে কালিহাতীতে আসেন ৬ জন। বিলের কাছে রেল লাইনে হাঁটছিলেন তারা। এ সময় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরেক জন অল্পের জন্য বাঁচলেও আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুপুরের মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের কুদরত আলীর ছেলে বাদল (২৬)। তিনি ভ্যানচালক ছিলেন।

একই গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা সুরুজ আলী ছেলে মানিক (২৫)। তিনি পেশায় শ্রমিক।

মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

সঙ্গে থাকা মৎস্য শিকারি চানু মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে  বাদল ও মানিকসহ চারজন বিলের পাশের রেললাইনে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে ট্রেন এসে বাদলকে আর মানিককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সবাই খুবই ভয় পায়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর বলেন, রাত একটায় খবর শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। পৌঁছানোর আগেই অন্যরা লাশ দুটি নিয়ে চলে গেছে।

মধুপুরের মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বলেন, বুধবার রাতেই দুইজনের মরদেহ নিয়ে বাড়ি নিয়ে আসেন সঙ্গে থাকা অন্যরা। পুরো গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। মানিকের ৮ দিনের সন্তানসহ স্ত্রী ও মা বাবা রয়েছেন।

বৃহস্পতিবার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।