কাজের ক্ষেত্রে তিনি অন্য মানুষ

১০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জ্যোতিকা জ্যোতি অভিনীত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। সিনেমাটি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ

দীর্ঘদিন পর...

এমন কিছু ছবি করতে চাই, যে মানুষের মনে থাকবে। এখন টিভি নাটক একদমই করছি না। তাই অনেকে ভেবেছেন আমি হয়তো হারিয়ে গেছি। আমি যে হারিয়ে যাইনি তা জানান দিচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’। এখন থেকে নিয়মিত সিনেমায় অভিনয় করতে চাই। তবে ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তির জন্য আমার অনুভূতি আরও আলাদা, কারণ এটি মুক্তিযুদ্ধের সিনেমা। আর তা মুক্তি পাচ্ছে দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির বিজয়ের মাসে।

প্রত্যাশা...

আমি ছবিটির যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে খুব ভালো একটি কাজ হয়েছে। দর্শকের এ ধরনের ছবি হলে এসে দেখা উচিত। যারা ভাবেন, মুক্তিযুদ্ধের ছবি আর কী দেখব? কিংবা যারা সিনেমা হলে যেতেই চান না- তাদের বলব, আপনারা সিনেমা হলে আসার অভ্যাস তৈরি করুন। বর্তমান সময়টা প্রতিযোগিতামূলক। জীবনের যুদ্ধে আমাদের প্রতিনিয়ত ছুটতে হয়। সিনেমা আপনাদের সেই মানসিক স্ট্রেস অনেকটাই কমাতে পারে। আর ‘লাল মোরগের ঝুঁটি’ নিয়ে বলব, এটি মুক্তিযুদ্ধের সিনেমা হলেও সচরাচর যে ধরনের গল্প দেখানো হয় তা থেকে আলাদা। অনেকগুলো জনপ্রিয় মুখ অভিনয় করেছেন ছবিটিতে। এ ছবির প্রতিটি চরিত্র আলাদাভাবে গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, ছবিটি দর্শকের পছন্দ হবে।

প্রস্তুতি...

যারা নুরুল আলম আতিকের আগের ছবি বা টেলিভিশন ফিকশনগুলো দেখেছেন তারা জানেন, তিনি কতটা পারফেকশনিস্ট। তার পরিচালনায় অনেক কাজ করছি। ফলে এক ধরনের পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু কাজের ক্ষেত্রে তিনি একেবারেই অন্য মানুষ। কাউকেই চেনেন না, শুধু যে চরিত্রে কাজ করছি সেটিকেই চেনেন। তিনি শ্যুটিং শুরুর আগ থেকেই জানেন, তার ছবির প্রতিটি চরিত্র কী রকম দেখতে হবে, কীভাবে কথা বলবে, কী ধরনের এক্সপ্রেশন দেবে। তাই তার পরিচালনায় কাজ করতে গেলে আমি পুরোটাই তাকে অনুসরণ করি। ইনফ্যাক্ট, তার কাজের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভয়ে থাকি।

চরিত্র...

ছবিতে আমি দীপালি নামের একটি চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্র নিয়ে আলাদা পোস্টার তৈরি হয়েছে। যারা দেখেছেন, তারা জানেন মেয়েটির মাথায় সিঁদুর। ফলে বোঝাই যায়, দীপালি এজজন হিন্দু সধবা। প্রতিটি শিল্পীর চরিত্রকে বোঝাতে পরিচালক পোস্টারের সঙ্গে একটি করে সংলাপ জুড়ে দিয়েছেন। আমার চরিত্রের সংলাপ হলো- ‘ওষুধের ছুঁতায় আমারে দেখবার আসছ?’ এ থেকে বোঝা যায়, আমার চরিত্রের সঙ্গে প্রেমের একটা সংযোগ আছে। সবাইকে বলব ১০ ডিসেম্বর সিনেমা হলে এসে ছবিটি দেখতে।