দেশে গত এক দিনের ব্যবধানে করোনা শনাক্ত রোগী কমলেও মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৬১ জন এবং মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এর আগের দিন গত বুধবার শনাক্ত হয়েছিল ২৮২ জন এবং মৃত্যু হয় ২ জনের। গত এক দিনে শনাক্তদের মধ্যে ২০৬ জনই ঢাকা বিভাগের, যা দৈনিক শনাক্তের ৭৯ শতাংশ। এমনকি গত এক দিনে দেশের ৩৬ জেলায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত এক দিনের ব্যবধানে শনাক্ত হারও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ। এর আগের দিন এ হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ। গত এক দিনে দেশে ২১ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৯ লাখ ২৮ হাজার ৫টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন শনাক্ত নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯ লাখ ৩০ হাজার ৬৯৫ জন এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ৩৭ হাজার ৪৯ জন। মারা যাওয়া তিন ব্যক্তির মধ্যে একজন পুরুষ, দুজন নারী। মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব ১, পঞ্চাশোর্ধ্ব ১ ও ষাটোর্ধ্ব ১ জন। এ নিয়ে দেশের ৮ বিভাগে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৮৬ জন। মৃত তিনজনের মধ্যে একজন ঢাকা জেলায়। বাকি দুজনের একজন যশোর জেলায়, অপর জনের মৃত্যু হয় শেরপুর জেলায়। বাকি ৬১ জেলায় আর কোনো মৃত্যু হয়নি। করোনার এ মহামারীতে সবচেয়ে বেশি মৃত্যু হয় ঢাকা বিভাগে ১২ হাজার ২১৬ জন এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ৮৪৫ জন।