এবার বৃদ্ধাকে ময়লার ট্রাকের ধাক্কা

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ময়লাবাহী ট্রাকের ধাক্কায় আরজু বেগম (৬৫) নামে এক নারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

আরজু বেগমকে ধাক্কা দেওয়া ট্রাকটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লা বহনের কাজে ব্যবহৃত হতো। ময়লা ফেলার কাজ পাওয়া ঠিকাদারের ভাড়া করা এই ট্রাক। দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিল চালকের হেলপার। পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গাড়িটির সামনে ডিএসসিসির স্টিকার লাগানো রয়েছে। মূলত এটি ব্যক্তি মালিকানাধীন পুরনো একটি ট্রাক। আগে ভাড়ায় ইট, বালু পরিবহন করলেও বর্তমানে চুক্তিতে ডিএসসিসির ময়লা পরিবহন করত ট্রাকটি। তবে গাড়িটি নিজেদের নয় বলে দাবি করছে ডিএসসিসি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আহত আরজু বেগম ২৮০/এ শেরেবাংলা সড়ক, রায়েরবাজার এলাকায় থাকেন। তিনি গুলশান-২-এ একটি পোশাক কারখানার পরিচ্ছন্নতাকর্মী। গতকাল সকালে অফিসে যাওয়ার পথে ময়লার ট্রাকটি তাকে ধাক্কা দেয়।

ওই নারীর বরাত দিয়ে তার ছেলে জয়নাল জানান, তার মা মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামছিলেন। এ সময় পেছন থেকে ময়লাবাহী ট্রাকটি এসে তার মাকে এবং দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে তার মা ফাঁকা রাস্তায় ছিটকে পড়ে যান এবং জ্ঞান হারান। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভর্তি করান। ট্রাকের ধাক্কায় তার মা কোমরে, ঘাড়ে ব্যথা পেয়েছেন। হাসপাতালে এক্সরে শেষে চিকিৎসক দুই মাসের ওষুধ দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ধাক্কা দেওয়া ট্রাকটি চালাচ্ছিল হেলপার। দুর্ঘটনা ঘটিয়েই হেলপার পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসা ট্রাকটির মালিক রতন মিয়াকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। দক্ষিণ সিটি করপোরেশন থেকে থানায় ফোন করে বলা হয়েছে, ট্রাকটি তাদের নয়। তাদের তালিকায় দুর্ঘটনা ঘটানো যানটি নেই। তবে ট্রাকটিতে সিটি করপোরেশনের স্টিকার লাগানো ছিল। রতনও পুলিশকে জানিয়েছেন, চুক্তিতে ডিএসসিসির ময়লা পরিবহনের কাজ করেন তারা।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুল ইসলাম জানান, ট্রাকটি যেহেতু পুরনো ও কাগজপত্র নেই, এর জন্য সিটি করপোরেশনের স্টিকার লাগালে ট্রাফিক পুলিশ আটকাবে না। তাই ট্রাকে স্টিকার লাগিয়ে চালানো হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটি জানিয়েছেন আটক ট্রাক মালিক রতন।

এসআই আরও বলেন, দুর্ঘটনার সময় ট্রাকটি রতন না চালিয়ে তার হেলপার চালাচ্ছিল। হেলপারের নাম মাসুদ বলে জানালেও তার ঠিকানা বলতে পারেননি রতন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকাদার ধনা মিয়া সাংবাদিকদের বলেন, ট্রাকচালক রতন মিয়া তার পরিচিতি হওয়ায় তিনি ট্রাকটি ভাড়া করেছেন মাত্র। এর বেশি কিছু তিনি জানেন না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি তাকে নিশ্চিত করেছেন যে গাড়িটি ডিএনসিসির নয়।

গত মাসে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজ ছাত্র নাঈম নিহত হন। এর এক দিন পর ডিএনসিসির ময়লার গাড়িচাপায় আহসান কবীর খান নামে একজন সংবাদকর্মী নিহত হয়েছেন। নাঈমের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে রাজধানীতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তাকে চাপা দেওয়া গাড়িটিও চালাচ্ছিল হেলপার।