দুহাত হারানো জাবির সেই অদম্য ফাল্গুনী বিয়ের পিঁড়িতে

বৈদ্যুতিক শকে দুই হাতের কিছু অংশ হারানো ফাল্গুনী সাহা বসেছেন বিয়ের পিঁড়িতে। ২০০২ সালে যখন তার বয়স ৫ বছর তখন তিনি তার দুহাত হারান। তবে থেমে থাকেনি অদম্য ফাল্গুনীর চলা, ২০১১ সালে মাধ্যমিক, ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক এবং ২০১৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন তিনি। এখন কর্মরত আছেন ব্র্যাক বরিশাল শাখায় সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে।

বরিশালের বিএম কলেজ রোড এলাকায় বসবাসকারী ফাল্গুনী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদরের বাসিন্দা। বুধবার রাতে বরিশালের শ্রী শংকর মঠ মন্দির প্রাঙ্গণে উন্নয়ন সংস্থা কোডেক পটুয়াখালী শাখার মাঠ কর্মকর্তা সুব্রত মিত্রর সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ে উভয় পরিবারের সম্মতিতেই হয়েছে।

এ প্রসঙ্গে ফাল্গুনী সাহা বলেন, ২০০২ সালে গলাচিপায় আমাদের পাশের বাড়ির ছাদে বসে বৈদ্যুতিক তারে দুর্ঘটনার কারণে দুই হাতই বিচ্ছিন্ন হয়ে যায়। আমি নিজেকে কখনো দুর্বল মনে করিনি। দুই হাতের যতটুকু অংশ ছিল, ততটুকু অংশ দিয়েই আমি আমার পড়াশোনা শেষ করেছি এবং এখন চাকরিও করছি। আমি ২০১১ সালে মাধ্যমিক পাস করেছি গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় থেকে। ২০১৩ সালে উত্তরা ট্রাস্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জিওলোজি ও এনভায়রনমেন্ট সাবজেক্টে ২০১৮ সালে অনার্স ও মাস্টার্স শেষ করি। তারপর চাকরি জীবনে প্রবেশ করি।

ফাল্গুনীর বর সুব্রত মিত্র বলেন, ফাল্গুনীকে আমি ছোটবেলা থেকে চিনি। ও যখন ভার্সিটিতে পড়ত, তখন ওর সঙ্গে আমার ফেসবুকে কথা হতো। একটা সময় বুঝতে পারি ও পড়াশোনায় অনেক ভালো করছে। তবে ওর ফ্যামিলি লাইফ বা সামনের দিকে আগানোর কোনো চিন্তা-চেতনা ছিল না। ওর হাত নেই এটা আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি। একটা লোকের হাত নেই, তাই সে বিয়ে করতে পারবে না, তার ফ্যামিলি হবে না, এমনটা হতে পারে না এবং এমন চিন্তা আমারও নেই। আমি ওকে স্বপ্ন দেখাই, আমি ওকে ভালোবাসা শেখাই এবং আমি ওকে বিয়ে করার সিদ্ধান্ত জানাই। সবশেষ আমরা বিয়েও করেছি।

সুব্রত মিত্রর ছোট বোন শ্রাবন্তী বলেন, আর পাঁচটা বিয়ে যেমন হয়, এখানেও তেমনিভাবে বিয়ে হয়েছে। কোনো ঘাটতি নেই। বরং অন্য বিয়ের থেকে এই বিয়ে ভালোভাবে হয়েছে। অনেকেই বলতে পারেন যে, একটা স্বাবলম্বী ছেলে দুই হাত ছাড়া একটি মেয়েকে বিয়ে করছে কীভাবে? আমি বলব সবার মানসিকতা আমার ভাইয়ের মতো হওয়া উচিত। যাতে বিষয়টি উদাহরণ হয়ে থাকে। আমি মনে করি সারা বাংলাদেশে আমার ভাইয়ের বিয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে।