টঙ্গীতে অন্তঃসত্ত্বা নারীর ওপর সন্ত্রাসী হামলা

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে অন্তসঃত্ত্বা নারীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে নগরীর মধুমিতা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। অন্তঃসত্ত্বা শিরিন আক্তার মুন্নিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী মুন্নি বলেন, স্থানীয় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হঠাৎ করে আমার বাসায় ঢোকে। এ সময় তারা আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকলে তাদের বলি যে আমি অন্তঃসত্ত্বা, আমাকে মেরো না। তারপরও সন্ত্রাসীরা আমার কথায় কর্ণপাত না করে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। সন্ত্রাসীরা আমার পেটে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারা আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার এসআই লিটন শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।