পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে হামলা, ‘মুখ খুলছেন না’ নেতারা

পটুয়াখালী জেলা বিএনপি’র তালাবদ্ধ কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। শনিবার এগারোটায় পৌর শহরের বনানী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলার বিষয়ে কোনো কিছু জানাতে চাচ্ছেন না নেতারা। তারা বলছেন, দুর্বৃত্তরা এই হামলা করেছে।

বিএনপির নেতা কর্মী ও স্থানীয় সূত্রে জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা কর্মীদের বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে ‘একদল দুর্বৃত্ত’ তাদের ধাওয়া করে। এতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তালাবদ্ধ বিএনপি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। তারা অফিসের চেয়ার, টেবিল, ফ্যান, ক্রোকারিজসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, কো-চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে। 

পটুয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া বলেন, এবারই প্রথমবার নয়। বারবার বিএনপি অফিসে হামলার ঘটনা ঘটেছে। শনিবার ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি পণ্ড করে দিয়েছে তারা। ব্যাপক ভাঙচুরে অফিসের কোনো আসবাবপত্র এখন আর ব্যবহার উপযোগী নেই। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।