টানা দ্বিতীয় জয়ে স্বাধীনতা কাপ ফুটবলের শেষ আট নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
শুক্রবার ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে দলটি। স্পটকিক থেকে একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনিয়ো।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল কিংসরা। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট তাদের। পুলিশের পয়েন্ট ১। চট্টগ্রাম আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়ে আসর শুরু করেছিল দলটি।
দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছে নৌবাহিনীর সঙ্গে। ১৪ মিনিটে জুয়েল রানার গোলে নৌবাহিনী দল এগিয়ে গিয়েছিল। ৮৯ মিনিটে কেহিন্দের গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। ম্যাচে দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখেন চট্টগ্রাম আবাহনীর সোহেল রানা।
গ্রুপের শেষ ম্যাচে বুধবার চট্টগ্রাম আবাহনী খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী।