ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ১৩

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় আটকা পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। গতকাল রবিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি (বিএনপিবি) ১৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি।

বিএনপিবির কর্মকর্তা আব্দুল মুহারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অগ্ন্যুৎপাতে ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে শনাক্ত করা গেছে। দুর্ঘটনায় ৯৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। এ পর্যন্ত ওই অঞ্চল থেকে ৯০২ জনকে উদ্ধার করা হয়েছে। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের কারণে ছড়িয়ে পড়া ছাইয়ে ঢেকে গেছে গ্রামগুলো। সেখানকার মানুষকে ছাই ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।