মাদারীপুরে পরাজিত প্রার্থী ও সমর্থকদের বাড়িতে হামলা

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে পরাজিত সদস্য (মেম্বার) প্রার্থী ও তার সমর্থকদের বাড়িঘর, দোকানপাটে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিজয়ী সদস্য প্রার্থীর লোকজন। এ সময় নারীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত শনিবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরাজিত প্রার্থী মহিনুর আকন বাদী হয়ে গতকাল ডাসার থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পুলিশ জানায়, সদ্য অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঘুঙ্গিয়াকুল গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মহিনুর আকন ও হারেজ মোল্লা নির্বাচন করেন। নির্বাচনে হারেজ মোল্লা বিজয়ী হন। শনিবার রাতে হারেজ মোল্লা তার লোকজন নিয়ে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে পরাজিত মেম্বর প্রার্থী মহিনুর আকন ও তার সমর্থক গিয়াসউদ্দিন আকন, ইয়াদ আলী আকন, সাহেব আলী আকন ও সোবাহান ঘরামীর বসতবাড়ি এবং বিয়াজ আকন, কালাম আকন, মস্তফা আকন ও এনায়েত আকনের দোকানঘর ভাঙচুর করে। এ সময় তাদের বাধা দিলে বিলকিস বেগম, সাকিল আকন, খাদিজা আক্তার, লিপি বেগমসহ প্রায় ৭-৮ জন আহত হয়। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরাজিত সদস্য প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিনুর আকন বলেন, ‘বিজয়ী মেম্বার হারেজ মোল্লা তার লোকজন নিয়ে আমার ও আমার কর্মী-সমর্থকদের বসতবাড়ি ও দোকানঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং আমার লোকজনকে মারধর করেছে। আমি তাদের নামে থানায় অভিযোগ করেছি।’

বিজয়ী ইউপি সদস্য হারেজ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে মহিনুর আকন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।