নাটোর রেলওয়ে স্টেশন থেকে ৫০০ মিটার দক্ষিণে ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শহরের তেবাড়িয়া রেলক্রসিংয়ে সোমবার ভোর রাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নাটোর রেলস্টেশন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার ভোররাত চারটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নাটোর রেলস্টেশনের এক কিলোমিটার দক্ষিণে তেবাড়িয়া রেলক্রসিংয়ে আটকে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।
ট্রাকটিকে প্রায় আধা কিলোমিটার উত্তরে সার গোডাউনের সামনে দুমড়ে মুচড়ে নিয়ে যায়। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে প্রায় চার ঘণ্টা পর ট্রাকটি রেলপথ থেকে সরায়। পরে রেললাইন পরীক্ষা করে সকাল নয়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকতার হোসেন বলেন, দুর্ঘটনার সময় ট্রাকটির চালক ও সহকারী ট্রাকে ছিল না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ট্রেনের লাইন অক্ষত আছে।
নাটোর রেলস্টেশনের স্টেশনমাস্টার অশোক চক্রবর্তী বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ভোররাত চারটার দিকে আসার সময় তেবাড়িয়া রেলক্রসিংয়ের প্রতিবন্ধক নামানো ছিল। কিন্তু ট্রাকটির চালক বেআইনিভাবে রেলক্রসিংয়ে উঠে আটকে যান। এ সময় ট্রেন আসতে দেখে চালক ও সহকারী ট্রাক ফেলে রেখে পালিয়ে যান। পরে দাঁড়ানো ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়।