মুমিন মুমিনের ইমারতস্বরূপ
হজরত আবু মুসা (রা.) থেকে বর্ণিত, নবী কারিম (সা.) বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ইমারতস্বরূপ, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে থাকে। এ বলে তিনি তার হাতের আঙুলগুলো একটির মধ্যে আরেকটি প্রবেশ করালেন। সহিহ্ বোখারি : ৪৮১
কবর জিয়ারত
হজরত আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না এবং আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করো না। তোমরা আমার ওপর দরুদ পাঠ করো। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হবে।’ সুনানে আবু দাউদ : ২০৪২
বর্ণিত হাদিসের শিক্ষা প্রসঙ্গে ইসলামি স্কলাররা বলেছেন, বাসা-বাড়িতে নফল নামাজ, আল্লাহর জিকির, দোয়া এবং পবিত্র কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকা উচিত নয়। বাসা-বাড়িতে এসব আমল থেকে বিরত থাকাকে কবরস্থানের সমতুল্য বলা হয়েছে।
এই হাদিসের আলোকে আল্লাহর রাসুল (সা.)-এর কবরকে উৎসব স্থলে পরিণত করতে নিষেধ করা হয়েছে। যাতে মানুষের কষ্ট না হয়। অথবা তারা যেন নবী কারিম (সা.)-কে অতিশয় সম্মান করতে গিয়ে সীমা অতিক্রম না করে। মুসলমানদের জন্য কর্তব্য হলো, তারা যেন আনন্দ, ভালোবাসা ও সম্মানের সঙ্গে আল্লাহর রাসুল (সা.)-এর প্রতি অধিকতর দরুদ পাঠ করে।
গ্রন্থনা : আবদুর রহমান