দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এসব অভিযোগে গতকাল সোমবার তার বিরুদ্ধে মানববন্ধন করেছে পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলররা। দুপুর ১২টার দিকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনে কাউন্সিলররা ছাড়াও প্রায় পাঁচ শতাধিক পৌরবাসী অংশ নেন।
দুর্নীতিবাজ মেয়রের অপসারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, পৌরমেয়র জাহাঙ্গীর আলম দুর্নীতিতে জর্জরিত। তিনি ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার টাকা ইচ্ছেমতো ভুয়া বিল-ভাউচার দেখিয়ে নিজের পকেটবন্দি করছেন। নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশিমতো লোকবল নিয়োগ দিচ্ছেন। ময়লা আবর্জনা অপসারণ ও রাস্তাঘাটের উন্নয়নের কাজ না করায় পৌরসভার বেহাল দশা হয়েছে।
সাংবাদিকদের প্রদানকৃত একটি লিফলেটে মেয়রের বিরুদ্ধে অবৈধ জনবল নিয়োগ, পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া, ইজারার অর্থ ও রাজস্ব আদায়ে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। এছাড়া ১০ লাখ টাকার নিম্নমানের বৈদ্যুতিক বাল্ব ক্রয়, ইজিবাইক নিবন্ধনের ১ কোটি ৬০ লাখ টাকা, পৌরসভার ভবন নির্মাণের জন্য ৩৮ লাখ টাকার সঠিক হিসেব দেখাতে পারেননি বলে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে জানতে পৌরমেয়র জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ধরেননি।