সরকারি বরাদ্দের অর্থ ছাড় করাতে মন্ত্রণালয়ে ‘পার্সেন্টেজ দিতে হয়’ এমন মন্তব্যসহ সরকারের সমালোচনা করায় সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
মেয়র আমিনুল ইসলাম গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি। গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। এ কারণে ওই সময় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
আমিনুল ইসলামকে বরখাস্ত করে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে গিয়ে বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর বক্তব্য দেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আমিনুল ইসলাম রাবেল ছুটি নিয়ে বিদেশে গিয়ে ‘গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম’ আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর ও রাষ্ট্রের জন্য হানিকর বক্তব্য দেন।
বর্তমানে যুক্তরাজ্যে থাকা মেয়র আমিনুল ইসলাম সম্প্রতি ওই মতবিনিময় সভায় মন্ত্রণালয়ে কথিত পার্সেন্টেজ দেওয়ার বিষয়ে বক্তব্য দেন। এ ছাড়া নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন না দেওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেরও সমালোচনা করেন। লন্ডনে দেওয়া তার এই বক্তব্য ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।