অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

২০২২ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। এর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে যুবাদের এশিয়া কাপ। এই দুই আসরের জন্য বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার ভারতে ত্রিদেশীয় সিরিজে শিরোপা জিতে বাংলাদেশের যুবারা। এরপরই এশিয়া কাপ ও বিশ্বকাপের দল ঘোষণা করা হয়।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। আসছে আসরে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ তাদের।

২০২০ যুব বিশ্বকাপজয়ী দলের তিন সদস্য রয়েছে আসছে বিশ্বকাপের দলে। তারা হলেন- অধিনায়ক রাকিবুল, প্রান্তিক নওরোজ নাবিল ও তানজিম হাসান সাকিব।

১৫ সদস্যের দলের সঙ্গে দুই টুর্নামেন্টেই রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন জিসান আলম ও আহসান হাবিব লেমন। স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন- সাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক, গোলাম কিবরিয়া এবং তৌহিদুল ইসলাম ফেরদৌস।

এশিয়া কাপ খেলতে ২০ ডিসেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এরপর বিশ্বকাপ খেলতে দুবাই থেকে সরাসরি পাড়ি দেবে ওয়েস্ট ইন্ডিজে।

১৫ সদস্যের বাংলাদেশ দল:

রাকিবুল হাসান (অধিনায়ক), ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, এস এম মেহরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মাহফিজুল ইসলাম রবিন, নাইমুর রহমান নয়ন ও মো. ফাহিম।

ট্রাভেলিং রিজার্ভ: জিসান আলম, আহসান হাবিব লেমন।

স্ট্যান্ড বাই: সাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক, গোলাম কিবরিয়া ও তৌহিদুল ইসলাম ফেরদৌস।