বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন

কনুইয়ের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে সম্ভবত দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ফলে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তিনি খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজেও তাকে পাবে না নিউজিল্যান্ড। কনুইয়ের ইনজুরিতে দীর্ঘ সময় ধরে ভুগছেন উইলিয়ামসন। এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলেই জানিয়েছেন ডাক্তাররা। তাকে মাস দুয়েক বিশ্রামে থাকতে বলা হয়েছে। কিউই কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘এখনই অস্ত্রোপচারের কোনো প্রয়োজন নেই, তবে উইলিয়ামসনকে লম্বা সময় বিশ্রামে থাকতে বলা হয়েছে।’ ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের মাঠে দুই টেস্টের সিরিজের আগে উইলিয়ামসনের মাঠে ফেরা হবে না। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল-এর দ্বিতীয় পর্বে কনুইয়ে আঘাত পেয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও একবার কনুইতে চোট পান। ভারতের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টে তিনি খেললেও মুম্বাইতে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারেননি।