ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার মধ্যরাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ঘন কুয়াশা কেটে গেলে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। অগ্রাধিকারের ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট এলাকার নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৮ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
প্রায় সাড়ে ৮ ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় শত শত যানবাহন শ্রমিক, যাত্রীদের তীব্র শীতে নিদারুণ দুর্ভোগ পোহাতে হয়েছে। এ দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে।