জয়পুরহাটে ভাই হত্যায় দুই ভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে হত্যা মামলার রায়ে অপর দুই ভাইসহ তিনজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ওয়ালার গ্রামের তাসেম মন্ডলের দুই ছেলে- শেকেন্দার আলী (৫০), শহীদুল ইসলাম (৪৮) ও পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার উলিপুর- জিয়ানীপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বাবু (৪২)।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, আওয়ালগাড়ি গ্রামের তাসেম মন্ডলের ছেলে আবু তাহেরের সঙ্গে তার দুই ভাই শেকেন্দার ও শহীদুলের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

 ওই বিরোধের জেরে গত ২০০৭ সালের ১ মার্চ রাতে তার দণ্ডপ্রাপ্ত দুই ভাইসহ ৪/৫ জন ধারালো অস্ত্র নিয়ে আবু তাহেরের শয়নকক্ষে প্রবেশ করে। আসামিরা ঘুমন্ত আবু তাহেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পর দিন আবু তাহেরের শ্বশুর আশরাফ আলী বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন।

 দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল জানান, এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

অপরদিকে রায়ে অসন্তুষ্টির কথা জানিয়ে উচ্চ আদালতে আপিলের কথা জানান বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।