যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পর আরও কিছু দেশ শীতকালীন বেইজিং অলিম্পিক গেমস কূটনৈতিকভাবে বর্জনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে কানাডা ও ব্রিটেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার ঘোষণা করেছেন, তার দেশও আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বেইজিং অলিম্পিক কূটনৈতিকভাবে বর্জন করবে।
ট্রুডো বলেন, চীন সরকারের বারবার মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। যে কারণে আজ আমরা ঘোষণা করছি যে, আমরা কোন কূটনৈতিক প্রতিনিধি পাঠাবো না।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বয়কটের ডাক দিয়ে সংসদে বলেন, বেইজিংয়ের শীতকালীন অলিম্পিককে কার্যত কূটনৈতিকভাবে বর্জন করা হবে। কোন মন্ত্রী উপস্থিত থাকবেন বলে মনে হচ্ছে না এবং কোন কর্মকর্তাও থাকবেন না।
আরও বলেন, তা সত্ত্বেও ক্রীড়াবিদরা অংশ নেবেন। কারণ তিনি বিশ্বাস করেন না, ‘খেলাধুলা বর্জন বিচক্ষণতার কাজ’।
এর আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ড ও লিথুনিয়া একই ঘোষণা দেয়। সরকারি প্রতিনিধি না গেলেও এ দেশগুলো থেকে খেলোয়াড়রা অলিম্পিকে অংশ নেবেন।
অবশ্য আগেই চীনা কর্তৃপক্ষ বলছে, বয়কট এলে তারা কঠোর ব্যবস্থা নিতে সংকল্পবদ্ধ।