টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার ৩২ ঘণ্টা পরে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। বাবর আজমদের সফর শেষ হলো টাইগারদের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ে।
বাংলাদেশের মাটি দু’হাত ভরে দিয়েছে পাকিস্তানকে। তিন টি-টোয়েন্টি সিরিজের পর দুই টেস্ট সিরিজও জিতেছে তারা। সামনে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ।
তার আগে বাংলাদেশে দারুণ সময় কাটানোর পর ট্রফি নিয়ে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে তারা ফিরবে জন্মভূমিতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানোর পর দলের সঙ্গে ঢাকায় এসেছিলেন মোহাম্মদ রিজওয়ান। সেই সময় পাকিস্তানি উইকেটরক্ষককে বিমানবন্দরে দেখা গিয়েছিল বালিশ হাতে।
সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আগ্রহ সৃষ্টি হয় রিজওয়ানের বালিশকে ঘিরে। অনেকে আগ্রহ নিয়ে জানতে চান, কেন তিনি সব জায়গায় বালিশ নিয়ে যান? বালিশের সঙ্গে তার সম্পর্ক কী?
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, রিজওয়ান বালিশটি এনেছেন তার বাড়ি থেকে এবং সে সব জায়গায় এটি নিয়ে যায়।
পিসিবি আরও জানায়, রিজওয়ানের আরামদায়ক ঘুম দরকার হয়। তার জন্য এই ব্যবস্থা। এমনকি ঘরোয়া সফরেও সে বালিশটি সঙ্গে নিতে ভুলে না।
বিশ্বকাপ তো বটে, বাংলাদেশ সফরেও বালিশটি নিয়ে এসেছিলেন রিজওয়ান। আর ফেরার সময় সেই প্রিয় সাদা বালিশটিও সঙ্গে নিয়ে বিমান উঠলেন ২৯ বছর বয়সী তারকা।
বুকে বালিশ নিয়ে রিজওয়ানের বাংলাদেশ ছাড়ার ছবিটিও ভাইরাল এখন নেট দুনিয়ায়।